Friday, September 25, 2015

মৃত্যু মিছিল মক্কা মিনায়

সৌদি প্রশাসনের কোনো দোষ নেই
তারা ছিল, যাকে বলে, পুরোপুরি জেগেই...
সেদিন, নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল মক্কা-মিনায়।
কোনও ফাঁক ছিল না সরকারি ব্যবস্থাপনায়...
দুর্ঘটনার আগে পর্যন্ত সবকিছু ছিল স্বাভাবিক...
কিন্তু অবুঝ পাবলিক...
দু'দল কী করে যে মুখোমুখি ঢুকে পড়ল দুটো গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে!
স্তম্ভের দিকে গেল তারা রে রে করে ধেয়ে
কত চেষ্টা করল স্বেচ্ছাসেবকরা, পুলিশ...
ইগনর‍্যান্স ইজ নট অলওয়েজ ব্লিস!
যাইহোক, কত্তারা বিলকুল বেকসুর
জীবনই নশ্বর, বিশেষত এইসব ধর্মভীরুর...
বোঝ তোরা বোকারা মহাপ্রস্থানে যেতে যেতে
মক্কায় মরে গিয়ে ডাইরেক্ট বেহেস্তে...

Monday, September 7, 2015

কাকলিকে মনে রেখে

কাকলি'কে মনে রেখে...

বড়ঘড়ির নীচে দাঁড়িয়ে

ডায়মন্ড হারবার'টা তাহলে ফাইনাল হয়ে গেল, কাকলি।
তোমাকে ধন্যবাদ, তুমিই গোটা প্ল্যানটা ছকেছো।
এবার আমাদের টিম'টা দেউলটি'র চেয়েও বড়,
পুরনোরা তো থাকছেই, দলে ঢুকেছে সুধন্য, অমর ও অন্য বন্ধুরা।
গোগোল তো শোনা ইস্তক লাফাচ্ছে...
নদীর পাড়ে দাঁড়িয়ে জ্যান্ত জাহাজ দেখবে সে... আগে কখনো দেখেনি যে!
আমাদের কিন্তু সকাল সকাল বেরোতে হবে...
রোদ উঠে গেলে তেতে যাবে মাটি, রাস্তাঘাট
পুড়ে যাবে পা।
গোগল মোটে রোদ সইতে পারে না।
কিন্তু তোমার কেন এত দেরি হচ্ছে, কাকলি...
ওই দেখ, জয়দীপ, অমিত, রাজেন, সুশান্ত, সাগরিকা, নন্দি্নীদিরা
তোমার জন্য অপেক্ষা করছে...
গোগল ট্রেনে উঠবে বলে ছটফট করছে...বিরক্ত করে মারছে আমাদের
কিন্তু বুঝছি না, তোমার কেন দেরি হচ্ছে...
একটু এগিয়ে দেখতে গিয়ে
একটা সিগারেট ধরিয়ে ফেললাম আমি, অমিত।
এই বুঝি তুমি স্টেশনের তোরণ দিয়ে ঢুকে পড়বে...
ভারী পায়ে হেলেদুলে...
আমরা বলব, একটু পা চালিয়ে কাকলি
ট্রেনের ভোঁ পড়ল বলে।
ডায়মন্ড হারবারে বসেই আলোচনা সেরে ফেলতে হবে
বাঘমুনডি, মাইথনের প্রোগ্রাম নিয়ে
কী হল কাকলি... কোথায় তুমি...
আমরা যে সবাই তোমার অপেক্ষায়
বড়ঘড়ির নীচে দাঁড়িয়ে...














Saturday, September 5, 2015

গৌরী দিদিমণি

গৌরী দিদিমণিরা

শিক্ষক দিবস আসে, যায়।
কেউ মনে রাখে, কেউ রাখে না।
অন্য সব ক্ষেত্রের মতো, শিক্ষাক্ষেত্রেও নৈরাজ্য দেখে দেখে
অভ্যস্ত মন দিবস পালনের সংকীর্তনে আর কান পাতে না।

মায়ের কোল-ই শিশুর প্রথম পাঠশালা
তারপর
বাড়ি স্কুল কলেজের গণ্ডি বড় হতে হতে
পাঠশালা হয়ে যায় গোটা বিশ্বটাই।
যার শিক্ষামালায় কুসংস্কারের পাশেই জায়গা হয় বিজ্ঞানের
যুক্তির পাশে গোঁড়ামির
নানবতার পাশে হিংসার
দুর্নীতির পাশে প্রতিবাদের
স্বার্থপরতার পাশে পরার্থপরতার
অলস ঘুমের পাশে বিনিদ্র পাহারার।

ওই পাঠশালায় অনেকেই শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।
কিন্তু যারা বাংলা ইংরেজি অঙ্ক জ্যামিতি'র গণ্ডি পেরিয়ে
বিজ্ঞান-অবিজ্ঞান, ভাল-মন্দ, ন্যায়-অন্যায়ের
ডিফারেনশিয়াল ইক্যোয়েশন সল্ভ করতে শিখিয়েছিলেন
ভুলতে পারি না মোটা ফ্রেমের চশমা পরা সেই আশুবাবু, গৌরী দিদিমণিদের

তাঁদের উদ্দেশে অকুণ্ঠ শ্রদ্ধা

আজকে, শিক্ষক দিবসে...

(শিক্ষক দিবস ৫ সেপ্তেম্বর ২০১৫)